চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসে পণ্য খালাস স্বাভাবিক রাখতে জনস্বার্থে সোমবার সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে।
তবে এ সময়ের মধ্যে বন্দর কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি ও সাময়িক বরখাস্তসহ পাঁচ দফা সমস্যার সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় কর্মসূচি শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়াসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন শ্রমিক-কর্মচারীরা। এতে বন্দরের পণ্য খালাস কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।
এদিন বিকেলে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনসিটি বিদেশি কোনো কোম্পানির কাছে ইজারা দেওয়ার সম্ভাবনা নেই। পরে পরিস্থিতি বিবেচনায় নিয়ে মধ্যরাতে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
টিএইচএ/
