পরীক্ষার হলে নকলের অভিযোগ নতুন নয়, তবে এবার ভারতে সামনে এলো আরও চাঞ্চল্যকর চিত্র। মহারাষ্ট্র রাজ্যের একটি কলেজে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সময় জানালা দিয়ে শিক্ষার্থীদের কাছে নকল পৌঁছে দেওয়ার দৃশ্য ধরা পড়েছে শিক্ষা দপ্তরের ড্রোন ক্যামেরায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে পরীক্ষার স্বচ্ছতা ও নজরদারি ব্যবস্থা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বীড় জেলার চৌসালা এলাকার একটি জুনিয়র কলেজে মঙ্গলবার ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে এ অনিয়ম ঘটে। পরীক্ষা চলার সময় কলেজ ভবনের জানালার বাইরে অভিভাবক ও স্বজনদের ভিড় করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, তারা জানালার ফাঁক দিয়ে পরীক্ষার্থীদের হাতে চিরকুট সরবরাহ করছিলেন।
শিক্ষা দপ্তরের নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় ড্রোন ওড়ানো হচ্ছিল। ড্রোনের ধারণ করা ভিডিওতে দেখা যায়, কলেজটির চারপাশ খোলা এবং কোনো সীমানা প্রাচীর নেই। ভবনের এক পাশের শ্রেণিকক্ষের জানালাগুলো বাইরে থেকে সহজেই নাগালে আসে। এই সুযোগ কাজে লাগিয়ে জানালার পাশে দাঁড়িয়ে কয়েকজন অভিভাবক পরীক্ষার্থীদের কাছে নকল পৌঁছে দিচ্ছিলেন। ড্রোন ক্যামেরা কাছে আসতেই অনেককে দ্রুত সরে যেতে দেখা যায়।
বীড় জেলার জেলা ম্যাজিস্ট্রেট বিবেক জনসন জানিয়েছেন, প্রায় তিন ঘণ্টার ভিডিও ফুটেজ প্রশাসনের হাতে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ভারতে পরীক্ষায় অনিয়মের ঘটনা অতীতেও আলোচনায় এসেছে। ২০১৫ সালে বিহারে বোর্ড পরীক্ষার সময় স্কুল ভবনের দেয়াল বেয়ে উঠে নকল সরবরাহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। সে ঘটনায় অন্তত ৫০০ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়েছিল।
টিএইচএ/
