ভারতে হজ ফেরত যাত্রীদের ব্যাগ চুরি ও ভাঙচুর, বিমানবন্দরে বিক্ষোভ

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ভারতে ফিরে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে চরম ভোগান্তি ও চুরির শিকার হয়েছেন হাজিরা।

বুধবার (৩ জুন) বিমানবন্দরটিতে পৌঁছানোর পর নিজেদের লাগেজ নিখোঁজ হওয়া, তালা ভাঙা এবং ভেতরের মূল্যবান সামগ্রী চুরির ঘটনা দেখতে পান তারা। এই ঘটনায় ক্ষুব্ধ ও বিপর্যস্ত হাজিরা ২ জুন থেকে ৩ জুন পর্যন্ত বিমানবন্দরের ভেতরেই ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন
banner

ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বাসিন্দা হাজী আকবর আলী তার স্ত্রীর সাথে হজ পালন শেষে ফিরে দেখেন তাদের একটি ব্যাগ গায়েব। কোনো সন্তোষজনক ব্যাখ্যা ছাড়াই তাদের বিমানবন্দরে প্রায় তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়। কানপুরের এক নারী হাজি জানান, তার ব্যাগের ওপরের প্লাস্টিকের মোড়ক ছেঁড়া এবং ভেতরের জিনিসপত্র ওলটপালট করা ছিল। তিনি ব্যাগ থেকে ছয় বোতল আতর, পাঁচটি রুপার আংটি, দুটি সোনার নাকফুল, পাঁচটি হিজাব ও শিশুদের খেলনা চুরির অভিযোগ করেন।

অন্য এক হাজি জানান, তার ব্যাগের তালা ভেঙে আতর, জায়নামাজ ও হিজাব নিয়ে গেছে চোরচক্র। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন হাজী হাবিব নামের এক যাত্রী, যার দুটি ব্যাগ সম্পূর্ণ নিখোঁজ এবং তৃতীয় ব্যাগের তালা ভেঙে ১৪ বোতল আতর, তিনটি ঘড়ি, তিনটি রুপার আংটি, দুটি সোনার নাকফুল ও আটটি নেকাব চুরি করা হয়েছে। তিনি দাবি করেন, এই ফ্লাইটের অন্তত ৫০ জনেরও বেশি হাজির একই দশা হয়েছে।

সৌদি আরব থেকে যাত্রা করার সময় কোনো সমস্যা না হলেও লখনউ বিমানবন্দরে নামার পরই এই চুরির ঘটনা উন্মোচিত হয়। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে হজের কোটা সবচেয়ে বেশি এবং লখনউয়ের এই বিমানবন্দরটিই তাদের প্রধান যাতায়াত পথ। ঐতিহ্যগতভাবে হাজিরা সৌদি আরব থেকে ফেরার সময় আতর, অলঙ্কার, জায়নামাজ ও হিজাব উপহার হিসেবে নিয়ে আসেন, যা এখানে পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে।

এই বিষয়ে উত্তরপ্রদেশ হজ কমিটি জানিয়েছে, কিছু যাত্রীর লাগেজ হয়তো এখনও ট্রানজিটে রয়েছে যা পরে পৌঁছাবে। তবে চুরি ও ভাঙচুরের অভিযোগ তদন্তের আশ্বাস দিয়ে তারা ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় লখনউ পুলিশ কোনো এফআইআর (প্রথম তথ্য বিবরণী) দায়ের করেনি এবং কাউকে গ্রেফতারও করা সম্ভব হয়নি।

তথ্যসূত্র: দ্যা ইসলামিক ইনফর্মেশন

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222