পীরের কথায় ৫৪ বছর ভোটবিমুখ নারীদের এবার পর্দা মেনেই বিশেষ ব্যবস্থা

by hsnalmahmud@gmail.com

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এরই মধ্যে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা গত প্রায় ৫৪ বছর ধরে ভোটকেন্দ্রে যান না। সত্তরের দশকে জৈনপুরের এক পীরের অনুরোধে তারা ভোটদান থেকে বিরত থাকেন। মাঝেমধ্যে দু-একজন নারী ভোট দিলেও তা ছিল খুবই সীমিত।

বিজ্ঞাপন
banner

তবে এবার দীর্ঘদিনের সেই চর্চায় পরিবর্তন আনতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়নের ৮টি কেন্দ্রেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পর্দা রক্ষা করে ভোট দেওয়ার সুযোগ রাখতে সব কেন্দ্রেই নারী ভোটারদের জন্য পৃথক বুথ রাখা হয়েছে।

ফরিদগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৮টি কেন্দ্রে নারী ভোটারদের জন্য মোট ২০টি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের দায়িত্বে থাকবেন নারী কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় নারী পুলিশ, আনসার-ভিডিপি সদস্য এবং প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। প্রার্থীদেরও সংশ্লিষ্ট বুথে নারী পোলিং এজেন্ট নিয়োগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। পর্দা মেনে ভোট দেওয়ার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এবার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা দীর্ঘদিনের অনুপস্থিতির অবসান ঘটিয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222