এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোন প্রকার অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলার ৭টি উপজেলা নিয়ে গঠিত ৫টি সংসদীয় আসনে মোট ৩৪ জন বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট প্রয়োগ করছেন ২১ লাখ ৩৫ হাজার ৯৮ জন ভোটার। ভোটাররা দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত।
জামালপুর-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন দেওরপাড় চন্দ্রা কেন্দ্রে ভোট প্রদান করেছেন। তিনি ভোট প্রদান শেষে বাইরে বের হয়ে সাংবাদিকদের বলেন- রাতের কিছু বিছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছি।
অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুস সাত্তার সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন। এসময় তিনি বলেন- এখনও তেমন কোন বড় ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর পায়নি। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ও সুষ্ঠু ভোট গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবেন। বেলটিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মিজানুর রহমান বলেন- দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পারছি, তাই এটা যেন ঈদের মত উৎসব।
জেএনজি স্কুল কেন্দ্রে আসমা উল হুসনা বলেন, আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেয়ে খুব ভালো লাগছে।
সিংহজানি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসরিন বেগম বলেন, নারীর অধিকার ও ক্ষমতায়নে কাজ করবে এমন একজন প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই। পছন্দের ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে পেয়ে অতন্ত্য খুশি লাগছে।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ১ হাজার ৬৫০ পুলিশ সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র্যাবের ৬টি টহল টিম ও ১টি রিজার্ভ টহল টিম মোতায়েন রয়েছে। এছাড়াও পাঁচ উপজেলায় ৬ শতাধিক সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং ৬২৩ টি ভোট কেন্দ্রের জন্য ৩৪ জন নির্বাহী ও ১৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।
প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
এনআর/
