মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পথে বাধা দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের ১০ কর্মী-সমর্থক আহত হন, তাদের মধ্যে ছয়জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান কেন্দ্রের বাইরে জামায়াত সমর্থিত ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি সংঘর্ষ ঘটে, এতে জামায়াতের চারজন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষে একজন বিএনপি কর্মী আহত হন। এছাড়া মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোট দিয়ে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত সমর্থক দুইজন আহত হন। এ ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিএইচএ/
