আমানুল্লাহ নাবিল মামদুহ >>
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল ঘিরে জনমনে উদ্বেগ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হুসাইন রাজী। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক ও স্বচ্ছ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এক বিবৃতিতে তিনি জানান, নির্বাচনী পরিবেশ নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। এ অবস্থায় জনগণের আস্থা রক্ষা এবং ফলাফলকে গ্রহণযোগ্য রাখতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এদিকে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সামাজিক মাধ্যমে দাবি করেন, “খবর পাচ্ছি, ঢাকা-১৩ আসনে প্রশাসনের সামনেই ববি হাজ্জাজের চ্যালাচামুণ্ডারা লাঠিসোঁটা নিয়ে টহল দিচ্ছে।” তিনি এ বিষয়ে সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
অন্যদিকে বিশিষ্ট আলেম মুফতি নিয়ামতুল্লাহ আমিন অভিযোগ করে বলেন, ঢাকা-১৩ আসনে আল্লামা মামুনুল হককে পরাজিত করতে বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে। তার ভাষ্য অনুযায়ী, তাদের সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে এবং অর্থের প্রভাব খাটিয়ে বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের জবাবদিহিতা দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত পক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা-১৩ আসনের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ পদক্ষেপই এ পরিস্থিতি নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
হাআমা/
