নির্বাচিত সংসদ সদস্যরা দুটি বিষয়ে শপথ নেবেন—একটি জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক গণরায় মূলত সংস্কারের পক্ষে এসেছে। এটি জুলাইয়ের জনআন্দোলনের স্বীকৃতি এবং গত ১৬ বছরের অনিয়ম-অনাচারের বিরুদ্ধে মানুষের প্রত্যাশার প্রতিফলন। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও অঙ্গীকার থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
আলী রীয়াজ আরও বলেন, সংলাপ ও ঐক্যের মধ্য দিয়ে সবার উচিত সনদ বাস্তবায়নে এগিয়ে আসা। তার দাবি, অনেক ভোটার কেবল গণভোটে অংশ নিয়েছেন, যার ফলে সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে প্রায় এক শতাংশ বেশি ভোট পড়েছে।
তিনি বলেন, অধিকাংশ মানুষ পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না বলেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। এখন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। দলগুলো তাদের অঙ্গীকার অনুযায়ী কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
টিএইচএ/
