দায়িত্বের পাশাপাশি যেসব সুযোগ-সুবিধা পান সংসদ সদস্যরা

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শপথ নেবেন। এরপর তারেক রহমান–এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশে জাতীয় সংসদের সদস্যরা (এমপি) আইন প্রণয়ন ও জনগণের প্রতিনিধিত্বের পাশাপাশি রাষ্ট্র নির্ধারিত বিভিন্ন সম্মানী-ভাতা ও প্রাতিষ্ঠানিক সুবিধা ভোগ করেন। এসব সুবিধা নির্ধারিত হয়েছে ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’-এর আওতায়, যা সময় সময় সংশোধনের মাধ্যমে হালনাগাদ করা হয়েছে। নিচে প্রাপ্ত প্রধান সুবিধাগুলো তুলে ধরা হলো—

মাসিক সম্মানী : সংসদ সদস্যরা মাসিক ৫৫ হাজার টাকা সম্মানী পান, যা তাদের মূল পারিশ্রমিক।

নির্বাচনী এলাকা ভাতা

নির্বাচনী এলাকায় জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য মাসিক ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।

আপ্যায়ন ভাতা : অতিথি আপ্যায়ন ও সামাজিক যোগাযোগের খরচ হিসেবে মাসে ৫ হাজার টাকা ভাতা নির্ধারিত।

গাড়ি সুবিধা : দায়িত্বকালীন একটি গাড়ি/জিপ/মাইক্রোবাস আমদানির সুযোগ রয়েছে—কাস্টমস ডিউটি, ভ্যাট, ডেভেলপমেন্ট সারচার্জ ও আমদানি পারমিট ফি ছাড়াই। পাঁচ বছর পর একই শর্তে আরেকটি নতুন গাড়ি আমদানির সুযোগ পান।

পরিবহন ভাতা : যাতায়াত, জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন বাবদ মাসিক ৭০ হাজার টাকা দেওয়া হয়।

অফিস ব্যয় : নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক ১৫ হাজার টাকা বরাদ্দ থাকে।

লন্ড্রি ও আনুষঙ্গিক ভাতা : লন্ড্রি বাবদ ১ হাজার ৫০০ টাকা এবং রান্নার সরঞ্জাম, লিনেন ও টয়লেট্রিজসহ অন্যান্য ব্যয়ের জন্য মাসিক ৬ হাজার টাকা প্রদান করা হয়।

ভ্রমণ ভাতা (সেশন ও কমিটি) : সংসদ অধিবেশন বা কমিটির বৈঠকে অংশ নিতে বিমান, রেল বা জাহাজে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড় গুণ পর্যন্ত ভাতা পাওয়া যায়। সড়কপথে ভ্রমণে কিলোমিটারপ্রতি ১০ টাকা দেওয়া হয়।

দৈনিক ভাতা : দায়িত্ব পালনের সময় অবস্থান ভাতা হিসেবে দৈনিক ৭৫০–৮০০ টাকা এবং যাতায়াত ভাতা ৭৫–২০০ টাকা (উপস্থিতিভিত্তিক) প্রদান করা হয়।

অভ্যন্তরীণ ভ্রমণ সুবিধা : প্রতি বছর ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা অথবা সমপরিমাণ নন-ট্রান্সফারেবল ট্রাভেল পাস পান।

চিকিৎসা সুবিধা : এমপি ও তাদের পরিবার প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা এবং মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা পান।

টেলিফোন সুবিধা : সরকারি খরচে বাসভবনে টেলিফোন সংযোগ এবং কল ও ভাড়া বাবদ মাসিক ৭ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়।

বিমা সুবিধা : দায়িত্বকালীন দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকার বিমা সুবিধা রয়েছে।

জনকল্যাণ তহবিল : জনকল্যাণমূলক কাজে ব্যয়ের জন্য বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

কর সুবিধা : এই আদেশ অনুযায়ী প্রাপ্ত ভাতাগুলো আয়করমুক্ত।

দায়িত্ব ও সুবিধার ভারসাম্য : আইন অনুযায়ী এসব সুবিধা নির্ধারণের উদ্দেশ্য হলো—সংসদ সদস্যদের দায়িত্ব পালনে সহায়তা করা, নির্বাচনী এলাকায় সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রম সহজ করা।

তবে সময়ের সঙ্গে ভাতার পরিমাণ, সুবিধার পরিধি ও জবাবদিহি নিয়ে জনপরিসরে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে স্বচ্ছতা, কার্যকারিতা এবং জনসেবার সঙ্গে সুবিধার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222