পবিত্র রমজান মাসের বিশেষ রূহানি ইবাদত তারাবি নামাজ নিয়ে মুসল্লিদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের জনপ্রিয় দায়ী মাওলানা তারিক জামিল। রমজানে এশার নামাজের পর দুই রাকাত করে মোট ২০ রাকাত তারাবি আদায় করা সুন্নতে মুয়াক্কাদা। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর সাহাবায়ে কেরাম অত্যন্ত গুরুত্বের সাথে এই ইবাদত পালন করতেন। তবে বর্তমান সময়ে অনেক মুসল্লি এই ইবাদত পালনে শিথিলতা প্রদর্শন করেন, যার প্রেক্ষিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মাওলানা তারিক জামিল সকলকে পূর্ণ ২০ রাকাত তারাবি আদায়ের আহ্বান জানিয়েছেন।
ভিডিও বার্তায় মাওলানা তারিক জামিল আক্ষেপ প্রকাশ করে বলেন, অনেক মুসল্লি ইফতারের সময় অতিরিক্ত আহার গ্রহণের ফলে শরীর ভারী করে ফেলেন, যার নেতিবাচক প্রভাব পড়ে ইবাদতে। আবার অনেককে দেখা যায় মাত্র ৮ রাকাত তারাবি পড়েই তড়িঘড়ি করে মসজিদ থেকে বেরিয়ে যান। বিষয়টিকে তিনি ‘মসজিদ থেকে ভেগে যাওয়া’র সাথে তুলনা করে বলেন, এভাবে দ্রুত বেরিয়ে গিয়ে বাইরের এমন কী জরুরি কাজ থাকে যা ইবাদতের চেয়ে বড়? বছরে মাত্র একবার পূর্ণ কোরআন শোনার সুযোগ আসে এই নামাজের মাধ্যমে, যা হেলায় হারানো নিজেরই বড় ধরনের ক্ষতি।
তিনি আরও স্পষ্ট করেন যে, ৮ রাকাত পড়ে বেরিয়ে গেলে হয়তো গুনাহ হবে না, কিন্তু সওয়াবের দিক থেকে একজন মুমিন ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। রমজানের প্রতিটি আমল (সেটি ফরজ হোক কিংবা সুন্নত) অসংখ্য সওয়াবের আধার। ২০ রাকাত তারাবির প্রতিটি রুকু, সেজদা এবং তাসবিহ’র বিনিময়ে যে পরিমাণ সওয়াব অর্জিত হয়, ৮ রাকাত পড়ে চলে গেলে সেই বিপুল নেকি থেকে বঞ্চিত হতে হয়। তাই পরকালীন পাথেয় সংগ্রহের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে তিনি মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহ্বান জানান।
টিএইচএ/
