পবিত্র রমজান মাস উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত গাজা, সুদান এবং বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। সংস্থাটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে বড় পরিসরে ইফতার ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে গাজার রেমাল, জাওয়াদা, দেইর আল-বালাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন পয়েন্টে প্রায় ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও জরুরি ত্রাণ পৌঁছে দিয়েছে তারা। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের রমজানে গাজায় ১ লাখ রোজাদারের জন্য ইফতার ও খাদ্য সহায়তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির এই মানবিক মিশনের পরিধি কেবল ফিলিস্তিনেই সীমাবদ্ধ নয়। সুদানের যুদ্ধকবলিত ৫০ হাজার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে প্রায় দেড় লাখ রোজাদারের মাঝে ইফতার ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশি-বিদেশি দাতা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এবং মিশরীয় রেড ক্রিসেন্ট ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারদের সমন্বয়ে ইউরোপ ও মিশর হয়ে এই ত্রাণ সহায়তা গাজা ও সুদানে পৌঁছে দিচ্ছে সংস্থাটি। তাদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন মিশরে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানবাধিকার বিশেষজ্ঞরা।
সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ কাজের স্বচ্ছতা প্রসঙ্গে জানিয়েছেন, প্রতিটি কার্যক্রমের ভিডিও, ছবি ও বিস্তারিত প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হচ্ছে। সময় ও তারিখসহ নথিবদ্ধ এসব তথ্য সাধারণ মানুষ ও দাতাদের কাছে মাঠপর্যায়ের প্রকৃত চিত্র তুলে ধরছে।
উল্লেখ্য যে, এইচসিএসবি দীর্ঘদিন ধরেই গাজা ও সুদানে ধারাবাহিক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মধ্যপ্রাচ্যের বাইরেও বাংলাদেশে চিকিৎসা সেবা, নওমুসলিমদের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন এবং শিক্ষা বিস্তারে মক্তব ও স্কুল প্রতিষ্ঠার মতো বহুমুখী জনকল্যাণমূলক কাজে তারা নিবেদিত রয়েছে।
টিএইচএ/
