লক্ষ্মীপুরে অনুমোদন ছাড়া ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদনের দায়ে ‘আশরাফ ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ‘আশরাফ ফুড’ নামে প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদন করছিল। এছাড়া পণ্য বিপণনের ক্ষেত্রে একাধিক লোগো ব্যবহার করে আসছিল প্রতিষ্ঠানটি।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক শাহিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উৎপাদিত ভেজাল পণ্য জব্দ করে তা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, “জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সিদ্দিকা। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এমএআর/
