টানা দুই দফা দরপতনের পর দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম পুনরায় বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ হিসেবে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি পাওয়ায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন থেকে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্য পরিবর্তনের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এই দাম দেশজুড়ে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা এই নতুন দর নির্ধারণ করেছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের বর্তমান বাজারমূল্য দাঁড়াবে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
নতুন এই দামের পাশাপাশি বাজুস স্পষ্ট করে জানিয়েছে যে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠনের পক্ষ থেকে ধার্য করা ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরির হারে পরিবর্তন আসতে পারে। এদিকে স্বর্ণের বাজারে অস্থিরতা থাকলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা এবং ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকায় বেচাকেনা হচ্ছে। এ ছাড়া ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকাতেই স্থিতিশীল রয়েছে।
টিএইচএ/
