সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা: আইন মন্ত্রণালয়

by Abid

অফিস শৃঙ্খলা জোরদারে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে উপস্থিত না হওয়া কিংবা অফিস সময় শেষ হওয়ার আগেই অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ এর সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান। আদেশে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিধিমালার আলোকে কিছু আচরণকে শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

অফিস আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, পূর্বানুমতি ছাড়া অফিস ত্যাগ করা এবং নির্ধারিত সময়ের পর অফিসে উপস্থিত হওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খল রাখতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া অফিস সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রেও কঠোর বিধান আরোপ করা হয়েছে। পবিত্র মাহে রমজান চলাকালে বিকেল সাড়ে ৩টার আগে এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজ দপ্তর ত্যাগ করতে পারবেন না। জরুরি বা দাপ্তরিক প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান—যুগ্মসচিব বা সলিসিটরের পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি ‘অফিস ত্যাগের রেজিস্ট্রার’-এ তথ্য লিপিবদ্ধ করা এবং ডিজিটাল হাজিরা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, উল্লিখিত শর্ত লঙ্ঘন করে কেউ অনুপস্থিত থাকলে, দেরিতে অফিসে এলে বা অনুমতি ছাড়া অফিস ত্যাগ করলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222