দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অসাবধানতাবশত ভারতে প্রবেশ করা এক যুবককে দীর্ঘ সাত ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সীমান্তের রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে দুই বাহিনীর পতাকা বৈঠক শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা ওই যুবকের নাম রিপন সরকার। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত আজগর সরকারের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরের দিকে রিপন সরকার হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকা দিয়ে অসতর্কতাবশত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। এ সময় সেখানে দায়িত্বরত বিএসএফ সদস্যরা তাকে অনুপ্রবেশের দায়ে আটক করে নিয়ে যায়। বিষয়টি বিজিবির নজরে এলে তাৎক্ষণিকভাবে বিএসএফের সাথে যোগাযোগ করা হয় এবং তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক যুবক মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন এবং ভুলবশত তিনি সীমান্ত অতিক্রম করেছিলেন।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, বিএসএফের সাথে দীর্ঘ আলোচনার পর বুধবার রাতে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠকের আয়োজন করা হয়। সেখানে রিপন সরকারের পরিচয় নিশ্চিত করার পর তাকে বিজিবির কাছে সোপর্দ করে ভারত। উদ্ধার হওয়া যুবককে বিজিবির পক্ষ থেকে স্থানীয় হাকিমপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাকে তার পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেয়।
টিএইচএ/
