কওমি মাদ্রাসার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের

by Abid

দেশের কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে একটি বিশেষ মহল পরিকল্পিত ও সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই অভিযোগ উত্থাপন করে। বিবৃতিতে মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারি হাজি আব্দুল আউয়াল মজুমদার স্বাক্ষর করেন। তারা দাবি করেন, কওমি শিক্ষাব্যবস্থার চিরশত্রুরা সাধারণ মানুষকে প্রকৃত দ্বীন থেকে দূরে সরিয়ে দেওয়ার হীন চক্রান্তে লিপ্ত রয়েছে।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কওমি মাদ্রাসা এ দেশে সহিহ ইসলামের ধারক ও বাহক হিসেবে কাজ করছে। ধর্মীয় শিক্ষা বিস্তার এবং ইসলামি মূল্যবোধ রক্ষায় এই মাদ্রাসাগুলোর ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। যতদিন কওমি মাদ্রাসা টিকে থাকবে, ততদিন ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করা কারও পক্ষে সম্ভব হবে না। এ কারণেই একটি বিশেষ চক্র কওমি মাদ্রাসার ভিত্তি দুর্বল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছে। বিশেষ করে ‘কওমি মাদ্রাসায় জাকাত দিলে আদায় হবে না’ কিংবা ‘কওমি আলেমরা অজ্ঞ’ এ ধরনের অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

ইসলামী আন্দোলনের নেতারা আরও দাবি করেন, এই অপপ্রচার বাস্তবায়নে কিছু পোষ্য দালালকে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা দেশের সচেতন ও ইসলামপ্রিয় জনতাকে এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কওমি মাদ্রাসা ও ইসলামি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে যেকোনো ধরনের চক্রান্তের কঠোর ও ঐক্যবদ্ধ জবাব দেওয়া হবে। একইসঙ্গে ধর্মপ্রাণ মানুষকে এসব অপপ্রচারে কান না দিয়ে মাদ্রাসার পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222