রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি ভবনে এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মুক্তার ব্যাপারী, তার স্ত্রী সেলিনা বেগম এবং তাদের ছেলে সেলিম ব্যাপারী। ঘটনার পর তাদের দ্রুত উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ তিনজনের অবস্থাই বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসার একটি দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড বাড়ির ওপর পড়ে। এতে ওই টিনশেড ঘরের টিন ভেদ করে ভেতরে থাকা একজন নারীও আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দগ্ধ মুক্তার ব্যাপারী ফ্রিজ ও এসি অ্যাক্সেসরিজের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি তার বাসার ভেতরেই ব্যবসার বেশ কিছু মালামাল মজুত করে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে রাখা কোনো একটি এসির গ্যাস সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে মুক্তার ব্যাপারীর শরীরের ২২ শতাংশ এবং তার স্ত্রী সেলিনা বেগমের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তাদের ছেলে সেলিম ব্যাপারীর অবস্থা সবচেয়ে সংকটাপন্ন, তার শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তদন্ত করছে এবং ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে।
টিএইচএ/
