পাকিস্তানের সেনাবাহিনীর ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)-এর ইউরোপ শাখা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সংস্থাটি এই চাঞ্চল্যকর তথ্য জানায়। ওসিন্ট ইউরোপের দাবি অনুযায়ী, পাকিস্তানের বিমানবাহিনীর অতর্কিত হামলায় কাবুলে তালেবান সরকারের শীর্ষ এই নেতা বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডারসহ নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ সূত্র বা আফগান সরকারের পক্ষ থেকে এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর সরকার গঠন করে তালেবান। হিবাতুল্লাহ আখুন্দজাদা সেই সরকারের সর্বোচ্চ ধর্মীয় ও নীতিনির্ধারণী নেতা হিসেবে শুরু থেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২১ ফেব্রুয়ারি, যখন পাকিস্তানের বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বড় ধরনের অভিযান চালায় বলে অভিযোগ ওঠে। ওই হামলায় অন্তত ৮০ জনের বেশি মানুষ নিহত হন বলে দাবি করে আফগান পক্ষ। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আফগান সেনারা ডুরান্ড লাইনে পাল্টা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান তখন ‘অপারেশন গজব-লিল হক’ নামে তাদের সামরিক অভিযান আরও জোরদার করে।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাতের সরাসরি নির্দেশে ডুরান্ড লাইনে কয়েক ঘণ্টা ধরে পাল্টা অভিযান চালানো হয়। এতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকজনকে আটক করার দাবি করেছে তালেবান বাহিনী। অভিযানের সময় তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, তারা অত্যন্ত উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে এই প্রতিরোধ গড়ে তুলেছেন।
বর্তমানে দুই দেশের সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষের সামরিক অভিযানে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা থাকলেও আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
টিএইচএ/
