ইরান ও মার্কিন-ইসরায়েলি বাহিনীর চলমান ভয়াবহ সংঘাতের জেরে কাতারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলার পর দেশটির বিভিন্ন স্থানে নতুন করে আরও আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে মোট আহতের সংখ্যা ১৬-তে পৌঁছেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সীমিত আকারে সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত করেছে কাতার কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা রক্ষায় এবং জরুরি সেবা নিরবচ্ছিন্ন রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্স ইউনিটগুলো সমন্বিত জরুরি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগাম সতর্কবার্তা এবং অ্যালার্ম সিস্টেমগুলো সক্রিয় রাখা হয়েছে, যা কেবল অতিরিক্ত প্রতিরোধমূলক ব্যবস্থার প্রয়োজন হলেই বাজানো হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনীর কাজ সহজ করতে সাধারণ মানুষকে ওইসব এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, যেকোনো ধরনের গুজব বা মিথ্যা সংবাদ ছড়ানো থেকে বিরত থাকতে হবে এবং কেবল সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে হবে।
বিবৃতিতে কাতার ও সেখানে বসবাসরত বিদেশি নাগরিকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং কোনো সন্দেহভাজন বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে জরুরি হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া হামলার কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রশাসন।
টিএইচএ/
