ইরান-ইসরায়েল যুদ্ধের সপ্তম দিনে তেল আবিবের প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
শুক্রবার (৬ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার সকালে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো রুখে দিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পরপরই এই বিস্ফোরণগুলো ঘটে। আল জাজিরা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন এবং বিমানবন্দর এলাকায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, গত সপ্তাহ ধরে চলমান এই যুদ্ধে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে তীব্র বিমান হামলা অব্যাহত রেখেছে, যার পাল্টা জবাব দিচ্ছে তেহরান।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩২ জনে। সংঘাতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত বাড়ছে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুর বিরুদ্ধে তাদের প্রতিরোধ এখন নতুন ধাপে প্রবেশ করেছে। প্রয়োজনে স্থল ও সমুদ্র উভয় পথেই প্রতিপক্ষের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
টিএইচএ/
