এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের সরিষাবাড়ীতে বাসের আয়ের হিসাব ও পরিবহন খাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আটটার দিকে শিমলা বাজার বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহতরা হলেন, তাইয়্যবা পরিবহনের মালিক তারা মিয়া (৫০), বিসমিল্লাহ পরিবহনের অংশীদার মোতালেব হোসেন এবং পরিবহন শ্রমিক শিবলু মিয়া (৪০), সাদ্দাম, রঞ্জু, চালক আনিছুর রহমান আনিছ (৪০), ইউসুফ আলি ও সাইফুল ইসলাম (৪২)। আহতদের দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকি ৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাইয়্যবা পরিবহনের মালিক তারা মিয়া তার বাসটি চালানোর দায়িত্ব দিয়েছিলেন চালক আনিছুর রহমান আনিছকে। কিন্তু দীর্ঘদিন ধরে বাসের আয়-ব্যয়ের সঠিক হিসাব না দেওয়ার অভিযোগ তুলে মালিক তারা মিয়া আনিছকে বাস চালাতে নিষেধ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চালক আনিছ গত কয়েকদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছিলেন বলে অভিযোগ ওঠে।
এরই জেরে বৃহস্পতিবার রাতে তাইয়্যবা পরিবহনের মালিকের পক্ষ নিয়ে বিসমিল্লাহ পরিবহনের অংশীদার মোতালেব হোসেন ও তার সহযোগীরা চালক আনিছকে মারধর করেন। এই খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা চরম আকার ধারণ করে। একপর্যায়ে শ্রমিক ও মালিক পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচএ/
