বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

by Fatih Work

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার পারদ আরও কয়েক ধাপ বাড়িয়ে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর উচ্চ নিরাপত্তা বেষ্টনীযুক্ত গ্রিন জোনে অবস্থিত দূতাবাস লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পরপরই দূতাবাস এলাকার আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সংবাদমাধ্যম আল জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই হামলার খবর নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি এবং হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহতের কিছুক্ষণ পরই এই পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন আর কোনো নির্দিষ্ট সীমান্তরেখায় সীমাবদ্ধ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমোজ প্রণালীর নিকটবর্তী ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খারগ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, এই দ্বীপটি দিয়ে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি পরিচালিত হয়। অন্যদিকে, শুক্রবার রাতভর ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের কেন্দ্রস্থল আজাদি স্কয়ার ও নোবোনিয়াদসহ বিভিন্ন জনবহুল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মারকাজি প্রদেশের একটি গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবানন সীমান্তেও ইসরায়েলি আগ্রাসন তীব্রতর হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় জরুরি কার্যক্রমে নিয়োজিত বেশ কয়েকজন চিকিৎসাকর্মী প্রাণ হারিয়েছেন। এছাড়া নাবাতিয়েহ শহরে একটি আবাসিক বাড়িতে হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে ইরানের মিত্র হিজবুল্লাহ ঘোষণা করেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে এখন ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধ’ শুরু করেছে। হিজবুল্লাহ ও ইরানের সমন্বিত হামলার মুখে তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছড়ে পড়ছে। ইসরায়েলজুড়ে প্রতিনিয়ত সাইরেন বেজে উঠছে এবং সাধারণ মানুষ প্রাণভয়ে বাংকারে আশ্রয় নিচ্ছে। ইরানের এই পাল্টা হামলায় ইসরায়েলের অন্তত তিনটি স্থানে স্থাপনায় আগুন লাগার ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222