বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা পরিষদের সম্ভাব্য নেতৃত্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পরিবহন খাতের সুপরিচিত সংগঠক ও রাজপথের সক্রিয় ব্যক্তিত্ব মো. সারোয়ার হোসেন মৃধা। জেলার বিভিন্ন স্তরের মানুষ তার নেতৃত্বগুণ, সুশিক্ষা ও রাজনৈতিক ত্যাগের ইতিহাস বিবেচনা করে তাকে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে আগ্রহ প্রকাশ করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। পরিবহন খাতে মালিক-শ্রমিক সমন্বয় এবং শৃঙ্খলা রক্ষায় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জেলাজুড়ে প্রশংসিত।
রাজনৈতিক পরিমণ্ডলে মো. সারোয়ার হোসেন মৃধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন পরীক্ষিত ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত। দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিকবার জেল-জুলুম ও মামলার শিকার হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি। শহীদ জিয়ার আদর্শের এই সৈনিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে ধর্মভীরু ও পরোপকারী এই নেতা বিলাসবহুল জীবন পরিহার করে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষ করে এলাকার অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় তার দীর্ঘদিনের নীরব ভূমিকা তাকে একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মতে, সারোয়ার হোসেন মৃধা শুধু একজন দক্ষ সংগঠকই নন, বরং কর্মীদের জন্য একজন নিবেদিত অভিভাবক। তার প্রশাসনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের জনপ্রিয়তা জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে মনে করছেন সচেতন মহল। ইতোমধ্যে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে নেতৃত্বে দেখতে চেয়ে সমর্থন ব্যক্ত করেছেন। সাধারণ মানুষের এই প্রত্যাশা আগামীর রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
নিজের লক্ষ্য সম্পর্কে মো. সারোয়ার হোসেন মৃধা বলেন, “বিএনপি চেয়ারপারসন ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমি বদ্ধপরিকর। ড. আব্দুল মঈন খানসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনায় নরসিংদীকে একটি আধুনিক, বাসযোগ্য ও মানবিক জেলা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমার মূল লক্ষ্য।” তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
টিএইচএ/
