অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

by Abid

নিজের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও আচরণের মাধ্যমে সৃষ্ট অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ভবিষ্যতে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলা এবং আরও দায়িত্বশীল আচরণ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দুঃখপ্রকাশ ও অঙ্গীকারের কথা জানান। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।’

বিজ্ঞাপন
banner

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক জ্যেষ্ঠ নেতা, শুভাকাঙ্ক্ষী এবং সহযোদ্ধাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তিনি গঠনমূলক রাজনীতিতে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে ব্যক্তিগত আক্রমণ পরিহার এবং জনগুরুত্বহীন কথাবার্তা এড়িয়ে চলার বিষয়ে প্রাপ্ত পরামর্শগুলো তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে গঠিত রাজনৈতিক দল এনসিপি-র এই শীর্ষ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই নানা কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন। বিশেষ করে ঢাকা-৮ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের কারণে রাজনৈতিক মহলে তিনি সমালোচিত হয়েছিলেন।

ভবিষ্যতে আরও শান্ত ও পরিশীলিতভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, এখন থেকে তিনি আরও দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এছাড়া পবিত্র রমজানের এই শেষভাগে নফল ইবাদতে সচেষ্ট হওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222