আফগানিস্তানের কুনারে পাকিস্তানের ভয়াবহ শেলিং, ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত ৮ হাজার পরিবার

by Abid

আফগানিস্তানের কুনার প্রদেশে বিতর্কিত ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অব্যাহত শেলিং ও বোমাবর্ষণে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় কয়েক দফায় চালানো এই হামলায় শত শত ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় ৮ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আকাশপথে বোমাবর্ষণ ও স্থলপথে ভারী কামানের গোলার কারণে তারা স্বাভাবিক জীবনযাত্রা হারিয়ে ফেলেছেন এবং চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

কুনারের স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর এই হামলায় সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুনারের বাসিন্দা ইকরারুদ্দিন মালাংজাই অভিযোগ করেন, পাকিস্তানি বাহিনী এতটাই নৃশংস হয়ে উঠেছে যে, মরদেহ দাফন করতে গেলেও তারা গুলি চালাচ্ছে। তিনি জানান, নারি থেকে বারিকোট এলাকায় মরদেহ নিয়ে যাওয়ার সময় কবরস্থানেও শেল নিক্ষেপ করা হয়েছে। নারি জেলার বাসিন্দা ইরফানুল্লাহ তার ধ্বংসপ্রাপ্ত বসতভিটার বর্ণনা দিতে গিয়ে বলেন, তার চাচার ফোনের কারণে তিনি প্রাণে বেঁচে গেলেও গোলার আঘাতে তার পুরো বাড়িটি মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেছে। বাড়ির জানালা ও দেয়াল চুরমার হয়ে যাওয়ায় এখন তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

বিজ্ঞাপন
banner

কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তরের প্রধান সাবেতুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৬০০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বাস্তুচ্যুত হওয়া ৮ হাজার পরিবারের বড় একটি অংশ বর্তমানে নদীর তীর এবং পাহাড়ের ঢালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আশ্রয় নিয়েছে। কুনার তথ্য ও সংস্কৃতি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানি বাহিনী নারি জেলায় ১৭টি এবং মানুরা এলাকায় ৭টি শক্তিশালী শেল নিক্ষেপ করেছে। যদিও সাম্প্রতিক এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে সাধারণ মানুষের কৃষি জমি ও গৃহপালিত পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222