মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বড় ধরনের স্বস্তির সংবাদ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার (২৫ মার্চ) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও আটকে পড়া বাংলাদেশিরা কোনো প্রকার জরিমানা প্রদান বা ভিসা নবায়ন ছাড়াই দেশ ত্যাগের সুযোগ পাবেন। সৌদি সরকারের বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে এই সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যারা সৌদি আরবে ভ্রমণ (ট্যুরিস্ট), ওমরাহ কিংবা ফাইনাল এক্সিট (চূড়ান্ত বহির্গমন) ভিসায় গিয়ে আটকা পড়েছেন এবং গত ২৫ ফেব্রুয়ারির মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এই বিশেষ সুবিধার আওতায় পড়বেন। এই ক্যাটাগরির ব্যক্তিদের জন্য আলাদা করে কোনো ভিসা নবায়ন কিংবা ‘ওভার-স্টে’ বা অতিরিক্ত সময় অবস্থানের জন্য নির্ধারিত কোনো জরিমানা গুনতে হবে না। রিয়াদ ও জেদ্দায় কর্মরত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট কর্মকর্তারা জানান, প্রবাসী ও দর্শনার্থীদের সুবিধার্থেই এই মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এই সুবিধার সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিকদের অবশ্যই সৌদি আরব ত্যাগ করতে হবে। এই সময়ের মধ্যে যেকোনো দিন বিমানের টিকিট কেটে সরাসরি বিমানবন্দরে গেলেই তারা নির্বিঘ্নে দেশে ফেরার সুযোগ পাবেন। ১৮ এপ্রিলের পর এই সুযোগ আর বহাল থাকবে না এবং সেক্ষেত্রে সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত এই সুযোগ গ্রহণ করে দেশে ফেরার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
টিএইচএ/
