মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা সেনানিবাসে ‘Go Green Initiative’ (গো গ্রিন ইনিশিয়েটিভ)-এর ব্যানারে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনকে উৎসাহিত করার লক্ষ্যে এই বিশেষ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বর্ণিল এই র্যালির উদ্বোধন করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। এতে সেনানিবাসের সকল ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার, কমান্ড্যান্টবৃন্দসহ প্রায় ৫০০ সেনাসদস্য এবং ২৫ জন শিশু-কিশোর অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, পরিবেশবান্ধব একটি আবাসিক ও কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা সেনানিবাসে ‘Go Green Initiative’ নামে একটি সমন্বিত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ চলাচলে জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহনের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা। মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে সাইকেল র্যালির মাধ্যমে পরিবেশবান্ধব, সহজপ্রাপ্য ও স্বাস্থ্যসম্মত বাহন হিসেবে সাইকেলের ব্যবহারকে সবার মধ্যে জনপ্রিয় করে তোলার প্রচেষ্টা চালানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সেনানিবাস এলাকার কার্বন নিঃসরণ হ্রাসে কার্যকরী ভূমিকা রাখবে।
সেনানিবাস সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১০০টি সাইকেল এবং ‘আনন্দ পরিবহন’ নামে দুইটি ব্যাটারিচালিত গাড়ি সংযোজনের মাধ্যমে এই ‘Go Green Initiative’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইতোমধ্যে এই প্রকল্পটি জ্বালানিনির্ভর যানবাহনের ওপর চাপ কমাতে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। শুধু যানবাহনেই নয়, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সেনানিবাসের বিভিন্ন স্থাপনার ছাদ ও অনাবাদি ভূমি ব্যবহার করে ৩.৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার পাওয়ার (সৌরবিদ্যুৎ) প্রকল্পের কাজও বর্তমানে চলমান রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রয়োজনীয় অর্থায়ন ও সহযোগিতা অব্যাহত থাকলে এই ‘Go Green Initiative’ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের মডেল হিসেবে এই প্রকল্পটি ভবিষ্যতে জাতীয় পর্যায়েও অনুপ্রেরণা যোগাবে। স্বাধীনতা দিবসের আনন্দ উদযাপনের পাশাপাশি পরিবেশ রক্ষার এই অঙ্গীকার সেনানিবাসের সাধারণ সদস্যদের মধ্যেও ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
টিএইচএ/
