যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে কালালাউ সমুদ্র উপকূলের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির কোস্ট গার্ড। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হিউজেস ওএইচ-৬ কায়ুজ মডেলের ওই হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও কাউয়াই ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উইলকক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
মার্কিন কোস্ট গার্ডের তথ্যমতে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হেলিকপ্টারটি কালালাউ বিচ থেকে প্রায় ১০০ গজ দূরে একটি বালুচরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ‘এয়ারবোন এভিয়েশন’ নামের একটি ট্যুর কোম্পানি পরিচালনা করছিল। কোস্ট গার্ডের কর্মকর্তা অ্যান্ড্রিউ উইলিয়ামস এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এদিকে, পর্যটকবাহী এই আকাশযানটি কী কারণে বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। হাওয়াইয়ের মনোরম উপকূলে এমন দুর্ঘটনা পর্যটকদের মধ্যে শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে।
টিএইচএ/
