মাগুরার শ্রীপুর উপজেলায় এক চা বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ১২২ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। প্রশাসন সূত্রে জানা যায়, দোরাননগর গ্রামের বাসিন্দা ও পেশায় চা বিক্রেতা নির্মল বিশ্বাস কেতু তার বাড়িতে ব্যারেলের মধ্যে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রেখেছেন; এমন গোপন সংবাদের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়।
তদন্তকালে নির্মল বিশ্বাসের বাড়ি তল্লাশি করে ব্যারেলে সংরক্ষিত ১২২ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে জব্দকৃত ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী, প্রতি লিটার ১০২ টাকা দরে কৃষকদের কাছে মাথাপিছু ২ লিটার করে ডিজেল বিক্রি করা হয়। বিক্রির প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
অভিযানে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও মো. নাজমুল ইসলাম জানান, অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টিএইচএ/
