মুর্শিদাবাদের ভোটার তালিকা থেকে বাদ মীরজাফরের বংশধর!

by Abid

এক সময় যাদের পূর্বপুরুষের শাসনে সমৃদ্ধ ছিল বাংলা, বিহার ও ওড়িশা এবং যাদের দরবারে লাখ লাখ প্রজা নজরানা দিতে আসত, আজ সেই মীরজাফরের বংশধররাই নিজেদের ‘ভারতীয় নাগরিক’ প্রমাণে আইনি লড়াই করছেন। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের নবাব পরিবারের প্রায় শতাধিক সদস্যের নাম ভোটার তালিকা থেকে ‘মুছে’ দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের বিশেষ এসআইআর (SIR) প্রক্রিয়ায় নাম বাদ পড়ায় তারা আদৌ আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রতিকার চেয়ে ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা।

নবাব পরিবারের সদস্যদের অভিযোগ, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির শুনানির নোটিশ পেয়ে তারা প্রয়োজনীয় সব নথি নিয়ে কমিশনের সামনে হাজির হয়েছিলেন। মীরজাফরের ১৫তম বংশধর ৮২ বছর বয়সী মহম্মদ রেজা আলি মির্জা (মুর্শিদাবাদে ‘ছোটে নবাব’ নামে পরিচিত) অসুস্থ শরীর নিয়ে লাইনে দাঁড়িয়ে তথ্যপ্রমাণ জমা দিলেও লাভ হয়নি। শুনানির পর তাদের নাম স্থায়ীভাবে ‘ডিলিট’ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। মীরজাফরের ১৬তম বংশধর তথা মুর্শিদাবাদ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ফাহিম আলি মির্জা জানান, লালবাগের নব আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১২১ নম্বর বুথে নবাব পরিবারের সদস্যদের প্রায় ৮৫০টি ভোটের মধ্যে ২৮৬ জনের নাম বাদ পড়েছে। এর মধ্যে ফাহিম নিজে, তার বাবা, স্ত্রী ও জ্যাঠা মহম্মদ আব্বাস আলী মির্জার পরিবারের সদস্যদের নামও রয়েছে।

বিজ্ঞাপন
banner

গভীর আক্ষেপ প্রকাশ করে ফাহিম আলি মির্জা বলেন, “হাজারদুয়ারি প্রাসাদ থেকে শুরু করে মুর্শিদাবাদের অধিকাংশ স্থাপত্য আমাদের পূর্বপুরুষদের তৈরি। অথচ আজ ভোটার তালিকা থেকে নাম কেটে আমাদের নাগরিকত্বই কেড়ে নেওয়া হচ্ছে।” তিনি ঐতিহাসিকভাবে স্মরণ করিয়ে দেন যে, ভারত স্বাধীন হওয়ার সময় মীরজাফরের ১৩তম বংশধর সৈয়দ ওয়াসিফ আলি মির্জাকে পাকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা ভারতেই থেকে গিয়েছিলেন। এমনকি খুলনার বিনিময়ে মুর্শিদাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও তাদের পরিবারের ভূমিকা ছিল। সুপ্রিম কোর্টও তাদের নবাবের বংশধর হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফাহিমের প্রশ্ন, “এর চেয়ে বড় নাগরিকত্বের প্রমাণ আর কী হতে পারে?”

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের এক জনসভা থেকে নির্বাচন কমিশনের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, বিজেপি ও কমিশনের যোগসাজশে চক্রান্ত করে বিশেষ সম্প্রদায়, আদিবাসী ও সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জানান, কমিশন বা দল উদ্দেশ্যমূলকভাবে কারও নাম বাদ দেয়নি। যাদের নাম বাদ পড়েছে, তারা চাইলে ‘ফর্ম ৬’ পূরণ করে পুনরায় নাম তোলার আবেদন করতে পারেন। তবে ট্রাইব্যুনালে আবেদন ও শুনানির দীর্ঘসূত্রতার কারণে আসন্ন নির্বাচনে নবাব পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222