দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের বিভিন্ন পয়েন্টে ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক শক্তিশালী হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, সীমান্তে আকাশপথ ও স্থলভাগ উভয় ক্ষেত্রেই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী, তাদের পাল্টা আক্রমণের মুখে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার সীমান্ত এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, লেবাননের সীমান্তবর্তী রামিয়া শহরের আকাশসীমায় অবস্থানরত একটি ইসরায়েলি হেলিকপ্টারকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার তীব্রতা দেখে হেলিকপ্টারটি দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যায়। একই সময়ে সীমান্ত সংলগ্ন কাউজাহ শহরের একটি বাড়িতে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর একটি গাইডেড মিসাইল বা নির্দেশিত ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালায় গোষ্ঠীটি। ওই বাড়িতে থাকা ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
স্থল ও আকাশপথের পাশাপাশি উত্তর ইসরায়েলের বসতিগুলোতেও রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের মেটুলা বসতি লক্ষ্য করে দ্বিতীয় দফায় রকেট ব্যারেজ বা একঝাঁক রকেট নিক্ষেপ করা হয়েছে। সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা রুখে দিতে এবং সামরিক শক্তি প্রদর্শনে এই হামলাগুলো চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব হামলার বিপরীতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা
টিএইচএ/
