যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।
শুক্রবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার একটি ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের মাধ্যমে ওয়াশিংটন এই প্রস্তাব তেহরানের কাছে পাঠিয়েছিল। তবে ইরান সেই প্রস্তাব গ্রহণ না করে তাদের চলমান সামরিক কার্যক্রম ও পাল্টা আক্রমণ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে যে, কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের সাম্প্রতিক হামলার পর থেকেই যুদ্ধবিরতি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করে ওয়াশিংটন। বিশেষ করে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ভুল হিসাব বা গোয়েন্দা তথ্যগত ত্রুটির কারণে বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনী গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে চাইলেও তেহরান তাতে সাড়া দেয়নি।
ইরান সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক বা লিখিত জবাব দেওয়া হয়নি। বরং রণক্ষেত্রে নিয়মিত হামলা অব্যাহত রাখাকেই দেশটির পক্ষ থেকে কার্যকর প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান বর্তমানে আলোচনার চেয়ে মাঠপর্যায়ে সামরিক শক্তির প্রদর্শনকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তা ও বহু বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনার পর থেকে ইরান ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক দফায় কয়েকশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টাপাল্টি এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখন চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে।
টিএইচএ/
