আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অনেক দেশের তুলনায় নজিরবিহীন এবং অনন্য বলে দাবি করেছেন দেশটির সীমান্ত, জাতি ও উপজাতি বিষয়ক মন্ত্রী মোল্লা নূরুল্লাহ নূরী। লঘমান প্রদেশে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নূরুল্লাহ নূরী আফগান জনগণের ঐক্য এবং বিশ্বাসভিত্তিক সামাজিক কাঠামোকে ‘অতুলনীয়’ হিসেবে বর্ণনা করেছেন।
মন্ত্রী নূরী তার বক্তব্যে উল্লেখ করেন, আফগানিস্তানের কৃষক, আলেম, পণ্ডিত এবং শিক্ষক সবাই এই জাতির অবিচ্ছেদ্য অংশ এবং প্রত্যেকেই বর্তমান শাসনব্যবস্থার রক্ষক হিসেবে কাজ করছেন। তিনি জনগণের অকুন্ঠ সমর্থন ও দেশপ্রেমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের ভবিষ্যৎ অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সভায় উপস্থিত স্থানীয় প্রতিনিধি ও উপজাতীয় প্রবীণরা মন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জানান, বর্তমান ইসলামিক আমিরাতের অবস্থান জনগণের ইচ্ছারই প্রতিফলন। তারা অঙ্গীকার করেন যে, দেশের ভূখণ্ড রক্ষায় প্রয়োজন হলে তারা মুজাহিদিনদের চেয়েও এক ধাপ এগিয়ে এসে লড়াই করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির অমর বিল মারুফ ও নেহি আনিল মুনকার (সদাচার প্রচার ও দুরাচার প্রতিরোধ) বিষয়ক উপমন্ত্রী শেখ নূর মোহাম্মদ হাক্কানি। তিনি পাকিস্তান সামরিক জান্তার সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করে বলেন, এসব আক্রমণ প্রমাণ করে যে আফগানরা একটি সাহসী জাতি এবং প্রয়োজনে যে কোনো ত্যাগের জন্য তারা প্রস্তুত। একই সঙ্গে তিনি বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আগ্রাসন সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার এবং এ ধরনের হুমকি নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় লঘমান প্রদেশের উপজাতীয় নেতারা ইসলামিক আমিরাতের চলমান কার্যক্রমকে স্বাগত জানান। তারা আশ্বস্ত করেন যে, দেশের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে তারা আমিরুল মুমিনীনের নির্দেশনার অপেক্ষায় থাকবেন এবং দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়বেন। গত কয়েক দশকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বর্তমান স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় সংহতি সুদৃঢ় করাই সরকারের মূল লক্ষ্য বলে সভায় বক্তারা পুনরায় ব্যক্ত করেন।
তথ্যসূত্র: বাখতার নিউজ এজেন্সি
টিএইচএ/
