জামালপুরে সিসিটিভি ফুটেজে মিলল চুরির প্রমাণ, চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

by Abid

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুর পৌর শহরের একটি বাসায় চুরির ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুই নারীসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

রোববার (৫ এপ্রিল) জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ছামিদুল হক ওরফে আশিক (২৬), মোছা. স্বপ্না (২২), মো. সবুজ হাসান (২১) ও মোছা. সুমা আক্তার (২০)। সিসিটিভি ফুটেজ ও উন্নত প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে জামালপুর পৌর শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকার মো. গোলাম সরওয়ার চৌধুরীর বাসার নিচতলায় চুরির ঘটনা ঘটে। চোর চক্রটি ঘর থেকে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক মালামাল নিয়ে যায়। এ ঘটনায় বাসার মালিক বাদী হয়ে জামালপুর সদর থানায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে এবং ঘটনাস্থলের পাশের একটি বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ভোরে দুই নারী অত্যন্ত কৌশলে ওই বাসায় প্রবেশ করেন। তাদের মধ্যে একজন ভ্যান্টিলেটার দিয়ে ভেতরে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর মালামাল নিয়ে একই কায়দায় বেরিয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চুরির ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিশেষ অভিযানে নামে পুলিশ। রোববার দুপুর আড়াইটায় সরিষাবাড়ী থানা এলাকা থেকে দুজনকে এবং বিকেল সোয়া তিনটায় সদর উপজেলার শাহাপুর এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না অথবা তারা অন্য কোনো বড় অপরাধের সাথে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222