আফগানিস্তান যুদ্ধে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সাবেক সদস্য বেন রবার্টস-স্মিথকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো সেনাসদস্যের বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগ দেশটির আদালতে আনুষ্ঠানিকভাবে বিচারিক প্রক্রিয়ায় উঠছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) সিডনি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেন রবার্টস-স্মিথ ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত আফগানিস্তানে দায়িত্বরত ছিলেন। ২০১৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। তার বিরুদ্ধে মোট পাঁচটি খুনের অভিযোগে যুদ্ধাপরাধের মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি আফগানিস্তানে অবস্থানকালে আটককৃত নিরস্ত্র ব্যক্তিদের ব্যক্তিগতভাবে গুলি করে হত্যা করেছেন অথবা তার অধীনস্থ সৈন্যদের গুলি করার নির্দেশ দিয়েছেন। তবে শুরু থেকেই স্মিথ এই অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। তিনি এসব দাবিকে ‘ভয়াবহ’ ও ‘বিদ্বেষপ্রসূত’ বলে অভিহিত করেছেন। তার দাবি, কথিত ওই হত্যাকাণ্ডগুলো হয় আইনসম্মত ছিল, নয়তো আদৌ এমন কোনো ঘটনা ঘটেনি।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে এই মামলাটি ভয়াবহ হিসেবে দেখা হচ্ছে। এর আগে অস্ট্রেলিয়ার কোনো সেনাসদস্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আদালতে পর্যালোচনার নজির নেই। উল্লেখ্য যে, আফগানিস্তানে কেবল অস্ট্রেলীয় বাহিনীই নয়, বরং মার্কিন ও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধেও নিরীহ ও নিরস্ত্র মানুষ হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটনের গুরুতর অভিযোগ রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মহলে।
তথ্যসূত্র: টোলো নিউজ
টিএইচএ/
