আমেরিকা ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক হামলার প্রেক্ষাপটে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানে নজিরবিহীন গণজাগরণ সৃষ্টি হয়েছে। গত দশ দিনের ব্যবধানে দেশটির অন্তত ১ কোটি ২০ লাখ নাগরিক স্বেচ্ছায় সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য নিবন্ধন করেছেন।
রোববার (৫ এপ্রিল) ইরানের রাষ্ট্র-সমর্থিত সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পক্ষ থেকে জাতীয় প্রতিরক্ষা নিশ্চিত করতে নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বানের পর এই অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। কর্মকর্তারা উল্লেখ করেছেন, মাত্র ১০ দিনের মধ্যে ১ কোটি ২০ লাখ মানুষ নাম নিবন্ধন করেছেন এবং এই প্রক্রিয়া এখনো অত্যন্ত দ্রুতগতিতে চলমান রয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব শ্রেণি-পেশার মানুষ এই কার্যক্রমে অংশ নিচ্ছেন, যাকে ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বহিঃশক্তির আগ্রাসন মোকাবিলায় ইরানিদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
টিএইচএ/
