হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
রবিবার অনুষ্ঠিত এ সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সাক্ষাৎকালে দেশের সামগ্রিক ধর্মীয় পরিস্থিতি, আলেম-ওলামাদের দায়িত্ব ও করণীয়, দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ ইসলামী মূল্যবোধ সংরক্ষণ ও প্রচারে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া মসজিদভিত্তিক কার্যক্রম আরও জোরদার করা এবং ইমামদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আমীরে হেফাজতকে অবহিত করেন।
জবাবে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দ্বীনের খেদমতে ইমামদের ভূমিকার প্রশংসা করেন এবং এ ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।
সাক্ষাৎ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
