সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

by Abid

বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের সাধারণ মানুষকে সরকার কোনোভাবেই জিম্মি হতে দেবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। মন্ত্রী স্পষ্ট করে বলেন, অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে সরকার সজাগ রয়েছে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধির যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তার প্রভাব খাদ্যপণ্যের ওপর খুব একটা পড়বে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা মূল্যস্ফীতি ঘটলেও এর প্রভাব যেন কোনোভাবেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে, সেজন্য সরকার সরাসরি বাজার ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করবে। সরকারের অনেকগুলো সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে উল্লেখ করে তিনি জানান, টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ এবং দুই ঈদে বিশেষ ট্রাক সেলের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ডের পরিধি পর্যায়ক্রমে আরও বিস্তার করা হবে যাতে নিম্ন আয়ের মানুষ স্বস্তিতে থাকতে পারে।

বিজ্ঞাপন
banner

বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, কেবল ধারণার ওপর ভিত্তি করে বাজারে যেন কৃত্রিম মূল্যস্ফীতি না বাড়ে, সে বিষয়ে ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা—সবাইকে সচেতন হতে হবে। তিনি জানান, দেশের এই মুহূর্তে আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ অত্যন্ত সন্তোষজনক ও স্থিতিশীল। তবে বর্তমান বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে তিনি স্বীকার করেন। এই সংকট দ্রুত কাটিয়ে উঠতে কাজ চলছে জানিয়ে বাজার ব্যবস্থাপনায় সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222