ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ঐক্যের প্রাপ্য ১৩টি আসনের বিপরীতে এসব মনোনয়ন জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ মনোনীত প্রার্থীরা।
১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, প্রচার ও সাহিত্য-সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এবং জুলাইয়ের শিশু শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমও তালিকায় রয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে ড. হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন কমিশন জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সে অনুযায়ী ১১ দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রাপ্য ১৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে।
তিনি বলেন, জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের ভিত্তিতে প্রতি ৬টি আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়। সেই হিসাব অনুযায়ী ১১ দলীয় ঐক্য ১৩টি আসনের ন্যায্য অংশীদারিত্ব পেয়েছে।
ড. আযাদ জানান, সংরক্ষিত নারী আসন বণ্টন অনুযায়ী জামায়াতে ইসলামীর আসন সংখ্যা ১২টি হলেও দলটি ৮টি আসনে মনোনয়ন দিয়েছে। বাকি আসনগুলো শরিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে বণ্টন করা হয়েছে। এর মধ্যে এনসিপিকে ২টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ১টি এবং জাগপাকে ১টি আসন দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই শহীদ পরিবারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে উত্তরার শহীদ জাবের ইব্রাহীমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা সম্পন্ন হয়েছে।
তফসিল অনুযায়ী আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান ড. আযাদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী এসব আসনের ভোটার হচ্ছেন সংসদ সদস্যরা। ফলে সরাসরি ভোট নয়, সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই নির্বাচন সম্পন্ন হবে।
ড. হামিদুর রহমান আযাদ আশা প্রকাশ করেন, জমাকৃত তালিকার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৩টি আসনেই তাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
ড. আযাদ বলেন, নির্বাচিত প্রতিনিধিরা সময়মতো সংসদে যোগ দিতে পারলে নারীদের অধিকার, সমস্যা ও প্রত্যাশা আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। তিনি জানান, সংসদে ন্যায়সংগত ও জনকল্যাণমূলক সব বিষয়ে ১১ দলীয় ঐক্য ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি গণভোটের রায়ের ভিত্তিতে সাংবিধানিক পরিষদ গঠনের দাবিতে সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
হাআমা/
