হরমুজে পণ্যবাহী তিন জাহাজে গুলি ও রকেটচালিত গ্রেনেড হামলা

by hsnalmahmud@gmail.com

হরমুজ প্রণালিতে একদিনে বুধবার (২২ এপ্রিল) অন্তত তিনটি কন্টেইনার জাহাজে হামলা চালানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, মার্কিন-ইসরায়েলি বোমাবর্ষণের প্রতিশোধ হিসেবে এবং পরবর্তীতে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের জবাবে ইরান প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিজ্ঞাপন
banner

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, ওমানের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেটচালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির ওপরের অংশ বা ‘ব্রিজ’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাহাজের ক্যাপ্টেন জানান, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি গানবোট তাঁদের জাহাজের কাছাকাছি আসে এবং পরে গুলি চালায়। গানবোটে তিনজন আরোহী ছিলেন।

গ্রিস-চালিত এই জাহাজের ক্যাপ্টেন দাবি করেন, হামলার আগে রেডিওর মাধ্যমে কোনো যোগাযোগ করা হয়নি, যদিও শুরুতে তাঁদের প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল।

আইআরজিসি বলেছে, জাহাজটিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে সেটি।

পরে ইউকেএমটিও জানায়, ইরান থেকে প্রায় আট নটিক্যাল মাইল পশ্চিমে দ্বিতীয় আরেকটি কন্টেইনার জাহাজে গুলি চালানো হয়েছে। পানামার পতাকাবাহী এ জাহাজে অবশ্য কোনো ক্ষতি হয়নি এবং এর নাবিকেরা নিরাপদ আছেন।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তৃতীয় আরেকটি কন্টেইনার জাহাজও গুলিবর্ষণের শিকার হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী এ জাহাজটির কোনো ক্ষতি না হলেও সেটি মাঝসমুদ্রে থেমে গেছে। এর নাবিকেরাও নিরাপদ রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ জলপথ দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে প্রণালিটি কার্যত বন্ধ থাকায় বিশ্ব তেল বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব পড়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২১ এপ্রিল) লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এ তথ্য জানান। তিনি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যপ্রাচ্যে ইইউর নৌ মিশন আরও শক্তিশালী করার আহ্বান জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হরমুজ প্রণালি অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তি বা পক্ষগুলোও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

হাআম/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222