প্রতিদিনকার যুদ্ধবিরতি লঙ্ঘনের মাঝেই এক নতুন আশার আলো দেখছে গাজাবাসী। দীর্ঘ ২০ বছর পর গাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম পৌরসভা বা স্থানীয় নির্বাচন। ২০০৬ সালের পর এই প্রথম উপত্যকাটির মানুষ ব্যালটের মাধ্যমে তাদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার এই নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। গত তিন বছর ধরে গাজার পৌরসভাগুলো প্রায় অকার্যকর অবস্থায় রয়েছে। এর ফলে চরম আবর্জনা সংকট, সুপেয় পানির অভাব এবং ভেঙে পড়া অবকাঠামো নিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ ফিলিস্তিনিদের আশা, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত হলে দীর্ঘদিনের এই নাগরিক সমস্যাগুলোর সমাধান হবে। তবে এই নির্বাচন আপাতত পুরো গাজা উপত্যকায় অনুষ্ঠিত হচ্ছে না।
প্রতিবেদনে আরও বলা হয়, শুধুমাত্র দেইর আল-বালাহ অঞ্চলে এই ভোটগ্রহণ সীমাবদ্ধ থাকবে। গাজার অন্যান্য শহর ও এলাকাগুলো এই দফার নির্বাচনের আওতায় থাকছে না। গাজার বর্তমান জনসংখ্যার একটি বিশাল অংশের কাছে এই নির্বাচন একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। দীর্ঘ সময় ভোট না হওয়ায় তরুণ প্রজন্মের অনেকেরই নির্বাচন প্রক্রিয়া বা এতে অংশগ্রহণের পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। তা সত্ত্বেও জনমনে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
হাআমা/
