ইসহাক সরকারসহ বিশিষ্ট ব্যক্তিদের এনসিপিতে যোগদান

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): বিএনপির আলোচিত নেতা ইসহাক সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের আরও কয়েকজন পরিচিত ব্যক্তি দলটিতে যুক্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়। এদিন এনসিপিতে যোগ দেন অবিভক্ত বাংলার প্রখ্যাত মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ রেলওয়ের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তবে ফেরসামিন হক ইকবাল বর্তমানে বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি, বাকি নেতারা সরাসরি মঞ্চে উপস্থিত থেকে যোগদান সম্পন্ন করেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল থেকেই আইডিইবি প্রাঙ্গণে এনসিপির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা সোয়া তিনটার দিকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনুষ্ঠানস্থলে পৌঁছালে নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে তাদের স্বাগত জানান। এর কিছুক্ষণ পর ইসহাক সরকার তার সমর্থক ও অনুসারীদের নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় কর্মীরা ‘পুরান ঢাকার ইসহাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জুলাই যোদ্ধা ইসহাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’ এবং ‘এনসিপি-জনতা, গড়ে তোলো একতা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে নবাগতদের নাম ঘোষণা করা হলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারা। এ সময় করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। একই মঞ্চে বিভিন্ন পেশা ও পটভূমির ব্যক্তিদের এনসিপিতে যোগদানকে রাজনৈতিক বিশ্লেষকরা নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষ করে বিএনপি থেকে বহিষ্কৃত ইসহাক সরকারের যোগদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ও আন্দোলনকারী তরুণদের উপস্থিতি দলটির সাংগঠনিক শক্তি বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঐতিহাসিক রাজনৈতিক পরিবারের উত্তরসূরি ফেরসামিন হক ইকবালের সম্পৃক্ততাও এনসিপির জন্য একটি প্রতীকী গুরুত্ব বহন করছে বলে মনে করছেন অনেকে। অনুষ্ঠানে নেতারা দলকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাই এনসিপির লক্ষ্য।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222