শহীদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ, স্বচ্ছ বিচার নিশ্চিতকরণ এবং জরুরি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)। এই লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের ঘটনা দেশের সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে এসডিএফের পক্ষ থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ভারতে অবস্থানরত প্রধান অভিযুক্তকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ কূটনৈতিক ও আইনগত উদ্যোগ গ্রহণ করা। এছাড়া হত্যাকারীকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করা পর্যন্ত ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপের দাবি জানানো হয়। একই সাথে দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষ বিচার শুরু করা এবং যৌথ জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করার ওপর জোর দেওয়া হয়েছে।
সংগঠনটি তাদের দাবিতে তদন্ত ও প্রত্যর্পণ প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করার আহ্বান জানিয়েছে। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলনের মাধ্যমে কূটনৈতিক অগ্রগতির বিস্তারিত তথ্য জাতির সামনে উপস্থাপনের সময়সীমা বেঁধে দিয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে সুস্পষ্ট তথ্য উপস্থাপনে ব্যর্থ হলে আগামী ১৪ জুন থেকে শহীদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের প্রত্যর্পণের দাবিতে দেশবাসীকে সাথে নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র ও ভিসা যথাযথভাবে যাচাইয়ের জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।
টিএইচএ/
