গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল: নেজামে ইসলাম

by hsnalmahmud@gmail.com

দেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করার জন্য এদেশের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন ও পঙ্গুত্ববরণ করেছেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী তাদের প্রত্যাশা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ-তে প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। কিন্তু একই দিনে সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়ন না করে টালবাহানা শুরু করেছে। এটি জুলাইযোদ্ধাদের প্রতি অসম্মান, অবহেলা এবং শহীদের রক্ত ও গোটা জাতির সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা।

শনিবার (২৫ এপ্রিল) পার্টির আমীর আল্লামা সারোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে এবং মহাসচিব মুসা বিন ইযহারের সঞ্চালনায় অনুষ্ঠিত পার্টির মজলিসে শুরার অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নেতৃবৃন্দ আরো বলেন, গণপ্রত্যাশার বিপরীতে গিয়ে ফ্যাসিবাদী কায়দায় অতীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি, করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আমরা বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার আলোকে জুলাই শহীদদের রক্ত এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের ত্যাগকে সম্মান জানিয়ে অতিদ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে জুলাই স্পিরিটের আলোকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় সন্ত্রাস, মববাজি ও দখলবাজি বন্ধে সাম্প্রতিক সময়ে ন্যক্কারজনক হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, সম্প্রতি সারাদেশে শিক্ষাঙ্গন দখলে নিতে সরকারী দলের ছাত্রসংগঠন বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রসমাজ যে নতুন ছাত্ররাজনীতির প্রত্যাশা করেছিল, যেখানে পেশিশক্তি আর সংঘাতের পরিবর্তে আদর্শ ও জ্ঞানভিত্তিক চর্চা হবে—তারা সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে চায়। তারা নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে এবং সরকারের প্রটোকল দেওয়া ও শক্তি প্রদর্শনের মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতি প্রবর্তন করতে চাচ্ছে। দেশের বিভিন্ন ক্যাম্পাসে তারা বিনা উস্কানিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে এবং পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। এই ন্যাক্কারজনক হামলা সেই সুদূরপ্রসারী পরিকল্পনারই অংশ।’

নেতৃবৃন্দ বলেন, ‌‌‘১৯ এপ্রিল বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বৃদ্ধি করে ১,৯৪০ টাকা নির্ধারণ করেছে। এ ধরনের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। উল্লেখ্য, এর আগে গত ২ এপ্রিল চলতি মাসের জন্য এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা মূল্যবৃদ্ধি জনজীবন দুর্বিষহ করে তুলবে। পাশাপাশি সকল প্রকার জ্বালানি তেলের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠবে। এ ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির চাপে সাধারণ মানুষ যখন ইতোমধ্যে দিশেহারা, তখন এ ধরনের মূল্যবৃদ্ধি তাদের জীবনযাত্রাকে আরও কষ্টকর করে তুলবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এলপিজি একটি অপরিহার্য জ্বালানি। এ অবস্থায় মূল্যবৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। আমরা মনে করি, এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।

নেতৃবৃন্দ আরো বলেন, এদেশের স্কুলগুলোতে বেশীরভাগ মুসলিম শিক্ষার্থীরা লেখা পড়া করে তাই ছাত্র-ছাত্রীদেরকে ধর্ম-কর্ম শিক্ষা দেয়া অভিভাবকদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। সরকারের উচিত ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদেরকে নিয়োগ দেয়া। রাষ্ট্রীয় অর্থ খরচ করে স্কুলে নাচগানের শিক্ষক নিয়োগ দেয়ার কোন যৌক্তিকতা নেই। আজ পর্যন্ত কোন অভিভাবক স্কুলে নাচগানের শিক্ষক নিয়োগ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়নি। ধর্মীয় শিক্ষা ও নীতি নৈতিকতা না থাকায় কিশোর গ্যাং এর দৌরাত্ম আশংকাজনক হারে বাড়ছে।

এছাড়া সভায় পার্টির দেশব্যাপী কর্মতৎপরতা বৃদ্ধি করার লক্ষ্যে বেশ কিছু কার্যকর কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর মুফতি মোখলেসুর রহমান কাসেমী, নায়েবে আমীর জনাব আব্দুর রহমান চৌধুরী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব হাফেজ আজিজুল হক, সহকারী অর্থ সচিব আলহাজ্ব আনোয়ারুল কবীর, শিল্প ও বানিজ্য সচিব আলহাজ্ব শাকিরুল হক খান, সহকারী সংগঠন সচিব মাওলানা ইন‌আমুল হক কুতুবী, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222