হঠাৎ শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

by Abid

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার সতর্কতা জারিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে গোয়েন্দা নজরদারি ও জনবল বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে জঙ্গি হামলার আশঙ্কার বিষয়ে একটি সতর্কতামূলক চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরের অ্যারাইভাল ও ডিপারচারসহ প্রতিটি প্রবেশপথে কঠোর তল্লাশি নিশ্চিত করার পাশাপাশি পোশাকে এবং সাদা পোশাকে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সকল ইউনিটকে যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা মাত্রই দ্রুত ব্যবস্থা গ্রহণ ও রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেসব বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা করে না, সেখানেও বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়েছে।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যদিও এখন পর্যন্ত সরাসরি কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি, তবুও আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি নিয়মিত নিরাপত্তা মহড়ার অংশ হিসেবেও দেখা হতে পারে। তবে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাফতরিক চিঠিতে জঙ্গি হামলার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। গোয়েন্দা তথ্যানুযায়ী, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামীর সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে, যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল।

সতর্কতা অনুযায়ী, জঙ্গি সংগঠনটির সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রসহ স্পর্শকাতর অবকাঠামো রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো ধরনের নাশকতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি ও গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানো হয়েছে। দেশের সবকটি বিমানবন্দর কর্তৃপক্ষকে এই বিশেষ নিরাপত্তা বলয় বজায় রাখতে বলা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222