কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে বজ্রপাতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চৌফলদণ্ডী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লবণের মাঠ থেকে ব্রিজের ওপর ওঠার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ওই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মিমতাজুল আলম জানান, লবণের মাঠ থেকে আসার পথে ব্রিজে ওঠার সময় ওই ব্যক্তি বজ্রাঘাতের শিকার হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। চৌফলদণ্ডী ইউপি চেয়ারম্যান মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। মঙ্গলবার সকালে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টিএইচএ/
