গবেষণায় নতুন গতি আনতে জবিতে পিএইচডি সেমিনার জোরদার

by naymurbd1999@gmail.com

রাকিব মাহী (জবি প্রতিনিধি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষা ও গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেছেন, পিএইচডি গবেষণার সেমিনারগুলো এখন থেকে আরও বিস্তৃত ও সুসংগঠিত পরিসরে আয়োজন করা হবে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত পিএইচডি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, গবেষণার মানোন্নয়নে সেমিনারগুলোতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় ঘটবে এবং গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। তিনি আশা প্রকাশ করেন, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গবেষকরা দক্ষতা, অভিজ্ঞতা ও নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন।

তিনি আরও বলেন, উপস্থাপিত গবেষণাগুলোর মধ্যে নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক গবেষণা সময়োপযোগী ও জনকল্যাণমুখী। এ ধরনের গবেষণা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি পারিবারিক দ্বন্দ্ব নিরসনে ইসলামের নির্দেশনা অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেন তিনি। শয়তানের প্ররোচনা ও অনৈতিকতা থেকে মুক্ত থাকতে ইসলামের প্রকৃত শিক্ষার চর্চা বৃদ্ধির আহ্বানও জানান উপাচার্য।

শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণসহ সকল দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি, যাতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়।

সেমিনারে তিনজন পিএইচডি গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। মোহাম্মদ কামরুল ইসলাম ‘বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স ও ক্যাশ ওয়াকফের সমন্বিত মডেল’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। মোহাম্মদ ইসমাইল পারিবারিক দ্বন্দ্ব নিরসনে ইসলামি নির্দেশনার আলোকে বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে গবেষণা তুলে ধরেন। আর মোহাম্মদ আবু নোমান সূরা আন নূরে বর্ণিত সামাজিক বিধানাবলীর ওপর গবেষণাপত্র উপস্থাপন করেন।

গবেষণাপত্রগুলোর ওপর সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ শিক্ষকরা আলোচনা করে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। উল্লেখ্য, উপাচার্য নিজেই এই তিন গবেষকের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, গবেষণা কোনো ব্যক্তির একার সম্পত্তি নয়; এটিকে বিশ্ববিদ্যালয়ের সম্পদে পরিণত করতে হবে এবং এ ক্ষেত্রে গবেষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের গবেষণা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222