জাকাত নিয়ে বিএনপি নেত্রীর অবমাননাকর বক্তব্যের নিন্দা হেফাজতের

by hsnalmahmud@gmail.com

জাকাত নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির মহিলা নেত্রী নিলুফার মনিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (৩ মে) এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। সমাজে সাম্য, সহমর্মিতা এবং দারিদ্র্য বিমোচনে জাকাতের বিশেষ ভূমিকা রয়েছে। এটি আল্লাহর পবিত্র বিধান। এই বিধানকে কেন্দ্র করে কটূক্তি বা বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, এ ধরনের বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। মতপ্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননা করার অধিকার দেয় না। বরং এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তির জন্ম দেয়।

বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, জাকাতের মতো মহান ইবাদত সম্পর্কে সম্মানজনক ভাষা ব্যবহার করা সবার দায়িত্ব। সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করে বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় বিষয়ে কথা বলার সময় সংযম, শ্রদ্ধা ও দায়িত্বশীলতা বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, যাতে সমাজে সম্প্রীতি ও শান্তি অটুট থাকে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলেমসমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের যেন মাঠে নামতে বাধ্য না করা হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222