নিজস্ব প্রতিবেদক :: পবিত্র ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ। কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুতকরণ, চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর মিরপুর এলাকার ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে এসব জানান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা যে পদ্ধতি শিখবেন, সেই নিয়ম অনুসরণ করেই কোরবানি সম্পন্ন করতে হবে। কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত নিশ্চিত করতে হবে।
তিনি জানান, চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরিমাণ লবণ বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মৌসুমি শ্রমিকদেরও সঠিক নিয়ম সম্পর্কে অবহিত করতে হবে, যাতে তারা স্বাস্থ্যসম্মতভাবে কাজ করতে পারেন।
প্রশাসক আরও বলেন, কোরবানির সঙ্গে সঙ্গেই রক্ত পানি দিয়ে পরিষ্কার করলে দুর্গন্ধ অনেকাংশে কমানো সম্ভব। কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে বাসার সামনে রেখে দিলে সিটি কর্পোরেশনের কর্মীরা দ্রুত তা অপসারণ করবে। সিটি কর্পোরেশন শুধু আমার নয়, সবার। সবার সম্মিলিত সহযোগিতায় দ্রুততম সময়ে পুরো শহর পরিষ্কার করা সম্ভব হবে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, এবার সারাদেশে কোরবানির পশুর চাহিদা ১ কোটি ১ লাখ ৬ হাজার। ঈদুল আজহাকে কেন্দ্র করে উৎপন্ন বিপুল পরিমাণ চামড়া ও মাংসের গুণগতমান অক্ষুণ্ণ রাখতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, পশু কোরবানির ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিলে মাংসের মান ঠিক থাকবে এবং চামড়ার গুণগতমান বজায় থাকবে, তা অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখানো হবে। এছাড়া ঈদের আগে জুমার খুতবায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মুসল্লিদের সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম ও প্রশিক্ষণার্থী মুফতি হাবিবুল্লাহ বলেন, ইসলামি বিধান অনুযায়ী হালাল ও সহিহ পদ্ধতিতে পশু কোরবানি করতে হবে। জবাইয়ের পর পর্যাপ্ত সময় দিতে হবে যাতে পশুর শরীর থেকে সম্পূর্ণ রক্ত বের হয়ে যায়। এরপর পানি দিয়ে পরিষ্কার করলে রক্ত জমাট বাঁধবে না এবং মাংসের গুণগতমান বজায় থাকবে।
এমকে/36news
