নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মোঃ রুবেল ওরফে মাওরা রুবেল (২২)-কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বুধবার (৬ মে) রাতের্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদপুর থানার একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মালহোতা ও চিহ্নিত ছিনতাইকারী রুবেলকে দেশীয় অস্ত্র ‘সামুরাই’সহ আটক করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলের ২-৩ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রুবেল জানায়, সে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত রয়েছে তারা। পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়াই ছিল তাদের প্রধান কর্মকাণ্ড।
গত ১১ এপ্রিল আদাবর এলাকায় এক ডেলিভারি কর্মীকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুবেল ও তার সহযোগীরা জড়িত ছিল। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং সে একজন ওয়ারেন্টভুক্ত আসামি।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই করে পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
